পথে প্রান্তরে ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুর বিসিক শিল্পাঞ্চলে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। বাবার পর মায়ের, এবার না ফেরার দেশে চলে গেল কিশোরী মেয়ে মুন্নি চৌধুরী (১৪)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মুন্নির শরীরের প্রায় ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
মুন্নি সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের মানব চৌধুরীর মেয়ে। পরিবার নিয়ে তারা কাচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন।
এর আগে গত শনিবার ও রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্নির বাবা মানব চৌধুরী ও মা বাচা চৌধুরী। ফলে একই পরিবারের তিন সদস্যের প্রাণ গেল একই ঘটনায়।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ওই ভাড়া বাসায় গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। দম্পতির তিন মেয়ে—মুন্নি (১৪), তিন্নি (১২) ও মৌরি (৬)—দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। বর্তমানে ছোট দুই মেয়ে তিন্নি ও মৌরি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।








