ব্যুরো চিফ, বরিশাল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রীবেশে ল্যাগেজ ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানিকারক চক্রের এক সদস্যকে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া এলাকার খুন্না বাজার সংলগ্ন স্থানে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা ল্যাগেজ পার্টির এক সদস্যকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় আনা ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আটককৃত সাইদুল ইসলাম (৩০) ওই এলাকার সোমেদ রাড়ীর ছেলে। তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আরও জানান, উপজেলার একটি চক্র সম্প্রতি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যাত্রীবেশে ল্যাগেজ ভর্তি করে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে অবৈধ কারেন্ট জাল আমদানি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে হিজলা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ২৬টি চায়না দুয়ারী জাল, ৬০টি চরঘেরা জাল ও ছয় শত চরঘেরা জালের খুঁটি, দশ হাজার মিটার কারেন্ট জালসহ একটি ট্রলার জব্দ করা হয়।
অবৈধ জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। জব্দকৃত ট্রলারটি নিলামে বিক্রি করার প্রস্তুতি চলছে।








