আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে রাতের আঁধারে গরু চুরির ঘটনা ঘটেছে। গেল ভোররাতে ওই ইউনিয়নের বোচাপুকুর চৌকিদারপাড়া এলাকার দীনে বন্ধুর ছেলে পরিমলের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। পরিমল একজন শ্রমিক।
পরিমল ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর গরুগুলো গোয়ালঘরে রেখে দরজা তালাবদ্ধ করে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। রাতে অজ্ঞাতনামা চোরেরা সংঘবদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করে গোয়ালঘরের দরজার তালা ভেঙে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলো চুরি হওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন পরিমল। তার দাবি, চারটি গরুর বাজারমূল্য অন্তত আড়াই লাখ টাকা।
পরিমলের মা চকচকি বালা জানান, ভোর সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরের দরজার তালা ভাঙা। পরে ঘরে প্রবেশ করে দেখেন ৪টি গরু নেই। তখনই সবাইকে বিষয়টি জানান। এতে পরিবারের সবাই ভেঙে পড়েন।
এ বিষয়ে নারগুন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জুলিয়াত তাসমিন বলেন, গরুগুলো চুরি হয়েছে জেনে খুব কষ্ট পেয়েছি। কষ্ট করে লালন-পালন করা গরুগুলো চুরি হওয়ায় পরিবারটি নিঃস্ব হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। পাশাপাশি গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।








