,

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: অবশেষে অবস্থান বদলালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের নয় মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন। এ সংক্রান্ত অনুমোদনপত্রে ইতোমধ্যেই স্বাক্ষর করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি এলব্রিজ কোলবি।

হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক উচ্চপর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই ইউক্রেনে দুটি অস্ত্রের চালান পাঠানো হবে। প্রতিটি চালানের মূল্য প্রায় ৫০ কোটি ডলার, যার মধ্যে থাকবে বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ।

তবে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে, এই সহায়তা বাইডেন প্রশাসনের মতো সরাসরি দেওয়া হচ্ছে না। ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্র থেকে এসব অস্ত্র কিনে কিয়েভে পাঠাবে এবং পরিবহন খরচও বহন করবে তারা।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্যে, ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্ট লিস্ট’ (পার্ল) নামের নতুন এক চুক্তির আওতায় ইউক্রেনে মোট ১ হাজার কোটি ডলারের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম চালান পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, ওয়াশিংটন রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানকে অগ্রাধিকার দেবে এবং ইউক্রেনকে আর সামরিক সহায়তা দেওয়া হবে না। গত নয় মাস ধরে সেই অবস্থান ধরে রাখার চেষ্টা করেছেন তিনি। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিক বৈঠক করলেও যুদ্ধাবসান প্রক্রিয়ায় বড় কোনো অগ্রগতি হয়নি।

তবে ট্রাম্প প্রশাসন নতুন কোনো সামরিক সহায়তা অনুমোদন না দিলেও, গত নয় মাসে ইউক্রেনে পৌঁছানো অস্ত্রের চালানগুলো বাইডেন প্রশাসনের অনুমোদনেই গিয়েছিল।

কিয়েভে পাঠানোর জন্য প্রস্তুত দুটি নতুন চালানে কী কী অস্ত্র রয়েছে, তা বিস্তারিত জানা যায়নি। তবে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব চালানে অন্যান্য অস্ত্রের পাশাপাশি আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে, যা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সহায়তা করবে।

ওই কর্মকর্তা রয়টার্সকে আরও বলেন, পার্ল-এর আওতায় ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা বিপুল পরিমাণ অস্ত্রের অর্ডার দিয়েছে। আমরা তালিকা যাচাই করছি এবং মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অস্ত্রগুলোই ইউক্রেনে পাঠানো হবে।

সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ