খেলা ডেস্ক
২৮ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলার হাতছানি নরওয়ের সামনে। ইউরোপিয়ান অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে আছে আর্লিং হলান্ডরা। প্রথম পাঁচ ম্যাচে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে নরওয়ে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি এবং সমান পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচ শেষে তিনে আছে ইসরাইল।
ফিলিস্তিনের গাজায় চলমান নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বকাপ বাছাই থেকে ইসরাইলকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল নরওয়ে। কিন্তু ফিফা সে দাবি মানেনি। তাই অন্যভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
আগামী ১১ অক্টোবর অসলোয় ইসরাইলের বিপক্ষে বাছাই ম্যাচ খেলবে নরওয়ে। ওই ম্যাচের পুরো লভ্যাংশ ‘ডক্টরস উইদআউট বর্ডারস’ নামের একটি আন্তর্জাতিক এনজিওর মাধ্যমে গাজায় মানবিক সহায়তায় ব্যয় করবে এনএফএফ।
ইসরায়েলের হামলায় গত দুই বছরে গাজায় ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস বলেছেন,
“এমন এক সময়ে এই ম্যাচ হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। আমরা চাইলেও তা উপেক্ষা করতে পারি না। বিশেষ করে গাজায় সাধারণ মানুষের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, তা অগ্রহণযোগ্য। ম্যাচের লভ্যাংশ এমন একটি সংস্থাকে দেব, যারা প্রতিদিন গাজায় মানুষের জীবন বাঁচায় এবং জরুরি সাহায্য পৌঁছে দেয়। ডক্টরস উইদআউট বর্ডারস এই কাজটিই করছে।”
এনএফএফের ঘোষণার পর নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও একই এনজিওর মাধ্যমে গাজাবাসীর জন্য তিন লাখ ডলারের বেশি সহায়তার ঘোষণা দিয়েছে।








