শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্বিষহ অভিজ্ঞতা শেষে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

পথে প্রান্তরে ডেস্ক 

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও অপহরণের শিকার হওয়া ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবসিতদের মধ্যে ১৭২ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ৪ জন আইওএমের আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।

প্রত্যাবর্তনকারীদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে তারা বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

দেশে ফিরে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাইকে সতর্ক করে বলেছেন, এ ধরনের ভয়ংকর ও অবৈধ পথে আর যেন কেউ লিবিয়ার উদ্দেশে না যায়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবসিত প্রত্যেককে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ