শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় পানিবন্দী, বন্ধ ক্লাস

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় অন্যতম। বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বন্যার পানিতে নিমজ্জিত থাকায় পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি ও টানা বর্ষণের ফলে পাহাড়ি ঢল নামায় বাঘাইছড়িতে বন্যার সৃষ্টি হয়েছে। প্রায় ১০ দিন ধরে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। ডুবে গেছে উপজেলার বিভিন্ন সড়ক। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষকরা জানিয়েছেন, বন্যার কারণে পাঠদানসহ যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাঘাইছড়ি সদর কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়টি পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হতে পারছেন না। এ বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হওয়ায় ক্লাস বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসী জানিয়েছেন, প্রায় প্রতিবছর বর্ষায় পানি বাড়লে বিদ্যালয়টি ডুবে যায়। অনেক সময় শিক্ষার্থীদের কোমর সমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। এবার পুরো বিদ্যালয় হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদান বন্ধ হয়ে গেছে। সূত্র মতে, প্রতিবছর বাঘাইছড়িতে ৩ থেকে ৪ বার বন্যা হয়। এবার চতুর্থবারের মতো বিদ্যালয়টি ডুবে আছে, কিন্তু এখনো কোনো স্থায়ী সমাধানের পদক্ষেপ নেয়নি প্রশাসন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, পাহাড়ি ঢলের বন্যায় বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এমনকি চলমান অর্ধবার্ষিক পরীক্ষাও স্থগিত করতে হয়েছে। তাঁরা বলেন, “এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা প্রশাসন ও শিক্ষা বোর্ডের কাছে আবেদন করছি। দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের পড়াশোনায় অপূরণীয় ক্ষতি হবে।”

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমনো মারজান বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ