ব্যুরো চিফ, বরিশাল
আসন্ন শারদীয় দুর্গোৎসবে প্রতিটি দুর্গা মন্দিরে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশদের কঠোর ভূমিকা পালন করতে হবে। যেকোনো মূল্যে আমরা একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দুর্গোৎসবের সব আয়োজন সম্পন্ন করতে চাই। গ্রামপুলিশদের উদ্দেশে এ কথাগুলো বলেছেন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
বৃহস্পতিবার দুপুরে উজিরপুর উপজেলার ৭৭ জন গ্রামপুলিশ সদস্যের মাঝে পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা আরও বলেন—গ্রামপুলিশ বাংলাদেশের একটি বিশেষায়িত বাহিনী। যারা গ্রামাঞ্চলে সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে আসছেন। গ্রামপুলিশের সদস্যরা দিনে ও রাতে গ্রাম এলাকায় পাহারা ও টহল দেওয়ার পাশাপাশি অপরাধ দমন ও তদন্তে সহায়তা করছেন। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে বিভিন্ন সরকারি কাজে সহযোগিতা করছেন। আপনারা অপরাধমূলক কর্মকাণ্ড অনুসন্ধান ও দমন এবং অপরাধীদের গ্রেপ্তারে অতীতে যেভাবে ভূমিকা রেখেছেন, এবারের দুর্গাপূজায় তার চেয়ে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
সবশেষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৭৭ জন গ্রামপুলিশের (দফাদার ও মহল্লাদার) মাঝে দুটি পোশাক, টর্চলাইট, লাঠি, জুতা, মোজা, ব্যাজ, বাঁশি, রেইনকোট ও ছাতা বিতরণ করেন।








