সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান চুরি করে পালানোর সময় জাহিরুল ইসলাম নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার রামদেববাড়ি এলাকার আ. রশিদ মিয়ার ছেলে।
শুক্রবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওদোয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাকড়াজান ইউনিয়নে কয়েকদিন ধরে নিয়মিত চুরির ঘটনা ঘটছিল। শুক্রবার সকালে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার অটোভ্যান চুরি করে পালানোর চেষ্টা করেন জাহিরুল। পরে পাওদোয়াচালা গ্রামে গেলে তাকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে ওই দিন সকালে শাকিল নামের এক মোটরসাইকেল চোরকে আটক করে জনতা। সে কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় কাকড়াজান ইউনিয়নের কাজীরামপুর আলীর মোড় এলাকায় ধরা পড়ে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”








