ব্যুরো চীফ, খুলনা
খুলনায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় নগরীর ডাকবাঙলা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। খুলনা মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা জীবন দিয়ে যে প্রত্যাশা নিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, তার দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করার দাবি জানানো হয়।
তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
সমাবেশ শেষে ডাকবাঙলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।








