,

নরসিংদীতে আগুনে পুড়েছে শতাধিক দোকান

দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে বাজারের সাটিং পট্টিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও প্রায় শতাধিক দোকান ভস্মিভূত হয়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার রাত ১১টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান তারা। এরপর ৭ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১৬টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস আরও জানায়, বাজারের ভেতরের সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। তিনি জানান, তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানা যায়নি।

ব্যবসায়ীরা জানায়, আগুনে শতাধিক কাপড়ের দোকান পুড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ