বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্মের নামে বিভাজন সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: আকন কুদ্দুস

ব্যুরো চীফ, বরিশাল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান বলেছেন, পূজার আনন্দ কিংবা ঈদের খুশি—কোনো একক সম্প্রদায়ের নয়, বরং সবই বাঙালির যৌথ উৎসব। বাংলাদেশের মাটি বিভাজন চেনে না। এ মাটিতে সবার রক্ত-সবার অশ্রু মিশে আছে।

দুর্গাপূজার সপ্তমীর দিনে সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার টরকী বন্দর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণের সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আকন কুদ্দুসুর রহমান আরও বলেন, যে উৎসব মানুষের হৃদয়কে কাছে টানে, তা আর কোনোভাবেই রাজনীতির হাতিয়ার হয়ে উঠতে পারবে না।

তিনি বলেন, বিগত সরকারের বিভাজন ও ভয় ছড়ানোর নীতি মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছিল। আগামী সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে বাংলার আকাশ যেমন সবার, তেমনি মসজিদ-মন্দিরসহ সবার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র নিশ্চিত করবে।

আকন কুদ্দুসুর রহমান আরও বলেন, সম্প্রীতি আমাদের শুধু ঐতিহ্য নয়, বরং এটি আমাদের অস্তিত্ব। ধর্মের নামে যারা বিভাজন সৃষ্টি করতে চায় তারা দেশ ও জাতির শত্রু। বাংলাদেশে কোনো মানুষ সংখ্যালঘু নয়; এ দেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।

অনুষ্ঠিত সভায় মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির, এসএম মনজুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী সরোয়ার, গৌরনদী উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বেবী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীর সরকার, বিমল কুণ্ডু, বিএনপি নেতা বদিউজ্জামান চঞ্চল মাঝি, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান মিটু তালুকদার, এমএ গফুর, সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হোসেন রিয়াজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ