ব্যুরো চীফ, বরিশাল
প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় প্রবাসী স্বামী ও শাশুরির সঙ্গে ঝগড়া করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন দ্বিতীয় স্ত্রী রুনা বেগম (২৫)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামে। নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় প্রায় সাত মাস আগে গার্মেন্টস শ্রমিক রুনাকে ঢাকায় বিয়ে করেন মনির। এরপর তিনি প্রথম স্ত্রীকে উজিরপুরের সাতলায় বাবার বাড়িতে এবং দ্বিতীয় স্ত্রী রুনাকে ভীমেরপাড়ে নিজ বাড়িতে রেখে দুবাই চলে যান।
গত কয়েকদিন ধরে রুনা তার প্রবাসী স্বামী মনিরকে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে এবং শাশুরির সঙ্গে ঝগড়া হয় তার। ওইদিন দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন রুনা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে রুনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।








