ব্যুরো চীফ, বরিশাল
বরিশাল জেলা ও মহানগর এলাকার ৬ লাখ ৯৮ হাজার ৭১৫ জন বাসিন্দাকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে, বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ৬৩ জন এবং মহানগরে ৯৭ হাজার ৫৯০ জন টিকার আওতায় আসবেন। টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বরিশাল সিটি করপোরেশন এলাকার ৯০টি কেন্দ্রসহ জেলার ৪ হাজার ২৭৫টি প্রতিষ্ঠানে।
জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-এলাহী।
এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন প্রমুখ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে বরিশাল জেলায় ১ হাজার ৭৫৬ জন টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। তাই গণটিকাদান কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে বরিশাল জেলা ও মহানগরে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সবাই রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন। এ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ও পরীক্ষিত বিধায় এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।








