বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু

ব্যুরো চীফ, বরিশাল

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে বিভাগে মোট ৩৩ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান— গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসিম সরকার (৩৮), বাবুল হোসেন (৩৩) ও আবদুল হক (৬৮) মৃত্যুবরণ করেছেন। তিনজনই বরগুনা জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ১৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৪১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে বরিশাল জেলায় ১১৬, পটুয়াখালীতে ৯৪, ভোলায় ১৯, পিরোজপুরে ২৬, বরগুনায় ১৪৪ ও ঝালকাঠিতে ১৭ জন রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুটি মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ হাজার ৬৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২৩৯ জন।

অন্যদিকে চলতি বছরে বরিশাল বিভাগে মোট ৩৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন, বরগুনায় ১৪ জন ও পটুয়াখালীতে ১ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ