ব্যুরো চীফ, বরিশাল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীসহ ভিন্ন ধর্মাবলম্বী গোষ্ঠীকে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে বারবার ব্যবহার করেছে। রাষ্ট্রক্ষমতায় থেকে তাদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা চালিয়ে জায়গাজমি দখল করেছে। অথচ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার জন্য কখনও কোনো ধর্মকে ব্যবহার করে না।”
বৃহস্পতিবার রাতে বরিশাল জেলা অটো টেম্পো ও আলফা মাহিন্দ্রা মিশুক, এলপিজি-সিএনজি থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন এবং বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার সব ধর্মের মানুষ যাতে তাদের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, সেই ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছে। বিএনপি বিশ্বাস করে, সংবিধানে সকল ধর্মাবলম্বীর সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। যারা এই অধিকারে বাঁধা দেয়, তারাই ধর্মবিরোধী গোষ্ঠী। বিএনপি ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে।”
ফ্যাসিস্ট আওয়ামী লীগ শ্রমিকদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করে রহমাতুল্লাহ বলেন, “শ্রমিকদের কল্যাণে কিছুই করেনি আওয়ামী লীগ; বরং দলীয় স্বার্থে বিভিন্ন সময় শ্রমিকদের ব্যবহার করে ফায়দা লুটেছে। অথচ শ্রমিকদের কল্যাণ ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়নি।”
তিনি আরও বলেন, “আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে রাষ্ট্র মেরামত করে শ্রমিকদের মানসম্মত অধিকার নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জাহিদুর রহমান রিপন, মহানগর হিন্দু-বৈদ্য-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক কানু সাহা, কাশিপুর বিশ্বাস বাড়ি দুর্গা মন্দির কমিটির সভাপতি অরুণ মিস্ত্রি, শ্রী শ্রী জয় দুর্গা ও কামেশ্বর মাতা মন্দির কমিটির সভাপতি জগদীশ চন্দ্র বৈদ্য, কলস গ্রামের সর্বজনীন দুর্গা মন্দির কমিটির উপদেষ্টা স্বপন কুমার রায়, তাপস কুমার রায়, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায়, বরিশাল মহানগর হিন্দু-বৈদ্য-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত লাল, স্ব-রোডের রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি রিপন মজুমদার, কালীগঞ্জ বাজার সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন বসু প্রমুখ।
একইদিন পৃথকভাবে শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নান্না তালুকদার, বরিশাল মহানগর ও জেলা থ্রি হুইলার শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম টিপু, আমির সরদার, ফায়জুল ইসলাম প্রমুখ।








