সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি: ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

ব্যুরো চীফ, বরিশাল

ব্যবসায়ীর কাছে দাবিকৃত চাঁদার দুই লাখ টাকা না পেয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মামলার বাদী, ভুক্তভোগী ব্যবসায়ী জামাল হোসেন মল্লিক বরিশালের গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেছেন।

ঝালকাঠির নলছিটি উপজেলার তেঁতুলবাড়িয়া বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, স্থানীয় বারেক মল্লিকের ছেলে জামাল হোসেন মল্লিক মামলার এজাহারে উল্লেখ করেন, নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি ও রানাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী জুলহাসসহ তাদের অন্যান্য সহযোগীরা দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে ছাত্রদল নেতার নেতৃত্বে তার সহযোগীরা বাদীর ব্যবসা প্রতিষ্ঠান ‘মল্লিক ভ্যারাইটিস স্টোর’-এর সামনে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে চাঁদার টাকার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে আসামিরা বাদীকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন।

পরবর্তীতে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরসহ দোকানের মালামাল তছনছ করে ক্যাশবাক্সে রাখা এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।

জামাল মল্লিক অভিযোগ করে বলেন, খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা আতঙ্ক সৃষ্টির জন্য দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করেন। এর আগে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাকে (জামাল) প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ভুক্তভোগী জামাল হোসেন মল্লিক বাদী হয়ে দ্রুত বিচার আইনে অভিযুক্ত নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি ও তার সহযোগীদের বিরুদ্ধে ঝালকাঠি বিজ্ঞ দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেছেন।

তবে মামলায় আনা সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি বলেন, “এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় আসামি করেছেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ