ব্যুরো চীফ, বরিশাল
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাসিত হয়ে মিষ্টি বিতরণের সময় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মিশুক স্ট্যান্ডে।
নিহত রবিউল ইসলাম (২৫) জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এবং আগরপুর গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী মিজানুর রহমান দুলাল হাওলাদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় উল্লাসিত হয়ে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ ফকিরের নেতৃত্বে তার সমর্থকেরা সোমবার সন্ধ্যার পরে আগরপুর বাজারে মিষ্টি বিতরণ করছিলেন।
এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শান্ত ইসলাম ও তার সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে তাদের কাউকে দাওয়াত না দেওয়ার বিষয়ে জানতে চান।
এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে হামলা ও সংঘর্ষের সময় পলাশ গ্রুপের সমর্থক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে ছুরিকাঘাত করা হয়।
এ ছাড়া সংঘর্ষে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা গুরুতর আহত রবিউল ইসলামকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পুরো ইউনিয়নজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশ।








