ব্যুরো চীফ, বরিশাল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন—মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সকলে মিলে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, এই দেশে সবার অধিকার রয়েছে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করব।
হিন্দু ধর্মের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন—আমাদের আমীরে জামায়াত পঞ্চগড়ে তীর্থযাত্রী দুর্ঘটনাসহ সকল বিপদ-আপদে হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডস্থ আর্য্যলক্ষ্মী ভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন বাবর।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃণাল কান্তি সাহা, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি, সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব অপু, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র দে এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিজেত্মানন্দ প্রমুখ।
হিন্দু ধর্মের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে পূজায় পুলিশের ডিউটির প্রয়োজন হবে না।
তারা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর জামায়াতের নেতাকর্মীদের ভালোবাসায় আমরা জামায়াতকে নতুনভাবে চিনেছি। জামায়াতের প্রতি আমাদের সেই আস্থা তৈরি হচ্ছে। আগামী দিনে মিলে-মিশে সম্প্রীতির বাংলাদেশ গঠনে আমরা অংশীদার থাকতে চাই।








