বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদী থেকে অজ্ঞাতনামা এক শিশুর (বয়স আনুমানিক ৩ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন নদীতে কয়েকজন স্থানীয় বাসিন্দা মাছ ধরতে গেলে নদীর তীরে শিশুটির মরদেহ দেখতে পান। পরে তারা নৌ-পুলিশ ও তালতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধারের পর আমরা আশপাশের এলাকায় খোঁজ করেছি, তবে কেউ শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেননি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।








