রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হয় বাজারের ব্যবসায়ী রাসেল হোসেনের মুদির দোকান থেকে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বাজারের মুদি, গার্মেন্টস, মোবাইল, ক্রোকারিজ ও কসমেটিকসের দোকানসহ অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “২০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি।”
রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুমদার জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের দুটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।”
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সৈয়দ আমজাদ হোসেন বলেন, “অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হঠাৎ আগুনে তারা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা।








