লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে একনলা বন্দুক ও নগদ অর্থসহ এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তির নাম এ কে এম ফরিদ উদ্দিন। তিনি জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং তার বিরুদ্ধে হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
রোববার গভীর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঘটনার পর সোমবার (১১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ফরিদ উদ্দিনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নেতারা স্পষ্টভাবে জানান, বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায়ভার যুবদল নেবে না। পাশাপাশি সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।








