সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে একজন সাব ইন্সপেক্টরসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
তারা হলেন- এস আই কামরুজ্জামান সিকদার, কনস্টেবল শফিকুল ও কনস্টেবল বাদশা মিয়া।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় সিরাজদীখান থানা যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা এই মিছিল করেন।
স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত থাকলেও ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের বহু নেতাকর্মী মিছিলে অংশ নেন। প্রকাশ্য পুলিশের সামনে এই মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহল গাড়ি চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরো প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তুলেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড-সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিকভাবে বের হওয়া এই মিছিল নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে স্থানীয়দের মাঝে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, ‘মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। পুলিশ সদস্যরা তাদেরকে আটক না করায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব অবহেলার কারণে ক্লোজড করা হয়েছে।








