সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)—বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্যস্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বাদ জোহর পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির উপজেলা শাখার সভাপতি মো. শাহিন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান ঢালীর সঞ্চালনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় মহানবী (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, প্রগতি এবং বিশ্ব ভ্রাতৃত্বের ওপর বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, হাফেজ ক্বারী মাওলানা মাসুম বিল্লাহ (খতিব, টঙ্গী বাড়ি জামে মসজিদ)সহ অনেকে।

বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর অবদান এবং উম্মতের প্রতি তাঁর সীমাহীন মমতার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবীর আদর্শকে জীবনে ধারণ করলেই সমাজ থেকে হানাহানি, হিংসা ও অন্যায় দূর করা সম্ভব।

আলোচনা সভা শেষে রশুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান মোড় ঘুরে পুনরায় ইউনিয়ন পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ