সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষি কর্মকর্তাকে মারধর করে ভাইরাল সেই ছাত্রদল নেতা বহিষ্কার

শেরপুর প্রতিনিধি

নিজের পছন্দের ব্যক্তিদের কৃষি প্রণোদনার তালিকায় নাম না দেওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধর ও হেনস্তা করার অভিযোগে শেরপুরের নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বহিষ্কারের মাধ্যমে রাহাত হাসানকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুরে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদীকে নিজ কার্যালয়ে ঢুকে মারধর ও হেনস্তা করেন রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলু। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ঘটনার পর রাতেই নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলায় রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুকে আসামি করা হয়েছে। তারা দুজনেই নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের বাসিন্দা — রাহাত সুরুজ মাওলার ছেলে এবং ফজলু সিরাজুল হকের ছেলে।

সাক্ষীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার বেলা সোয়া দুইটার দিকে রাহাত ও ফজলু কৃষি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জানতে চান—কেন কর্মকর্তাকে এখনো বদলি করা হয়নি, কারা কৃষি প্রণোদনা পাচ্ছেন এবং “নেতাদের ভাগ” কত। কৃষি কর্মকর্তা জানান, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য, রাজনৈতিক ভাগাভাগির সুযোগ নেই। এতে ক্ষিপ্ত হয়ে তারা অকথ্য ভাষায় গালাগাল করেন এবং পরে কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

কৃষি কর্মকর্তা ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদ আলমকে জানালে রাহাত আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সহকারীকে নিয়ে কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনের ওপর হামলা চালান।

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল বৃহস্পতিবার রাহাতের বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলাটি নিয়মিতভাবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ