বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবরোধ, ঝুম বৃষ্টিতেও আন্দোলন অব্যাহত

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘জুলাই যোদ্ধারা’। টানা দ্বিতীয় দিন ঝুম বৃষ্টির মধ্যেও তারা শাহবাগ অবরোধ করে রেখেছেন। তাদের সঙ্গে শহীদ পরিবারের সদস্যরাও রয়েছেন।

শাহবাগের গুরুত্বপূর্ণ সড়কটিতে অবরোধের ফলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী, হাসপাতালমুখী এবং অন্যান্য জরুরি কাজে বের হওয়া মানুষজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতভর শাহবাগে অবস্থান করার পর শুক্রবার সকাল থেকে নতুন করে স্লোগান আর ব্যানার নিয়ে আবারও আন্দোলন শুরু করেন বিক্ষোভকারীরা। তারা শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড তৈরি করে অবস্থান করছেন।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “বিক্ষোভকারীরা টানা অবস্থানে রয়েছেন। আজ দুপুর পর্যন্ত তাদের বৃষ্টির মধ্যেও শাহবাগে স্লোগান দিতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।”

আন্দোলনকারীদের একজন বলেন, “জুলাই সনদ এখনো ঘোষণা করা হয়নি। আমরা শহীদ ও আহতদের পরিবার। বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে। বহুবার বলার পরেও আমাদের দাবি উপেক্ষিত।”

জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা জানান, “জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা শুধু নিজেরা না, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এই দাবি আদায়ে রাজপথে থাকবো।”

আন্দোলনকারীদের মূল দাবি সমূহ:

  • জুলাই শহীদ ও যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি;
  • শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সম্মান, চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তা;
  • আহতদের পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণব্যয় রাষ্ট্রের দায়িত্বে নেওয়া;
  • আজীবন সম্মানজনক ভাতার নিশ্চয়তা;
  • শহীদ ও আহতদের জন্য আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা;
  • দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার;
  • একটি স্বাধীন, সত্য ও ন্যায়ভিত্তিক কমিশন গঠন।

বিকেল পর্যন্ত শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলতেই থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ