শাওন বণিক, স্টাফ রিপোর্টার
রাজধানীর বাড্ডার নিমতলির শ্রীশ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, কর্তব্যে অবহেলার কারণে বাড্ডা থানার এসআই মোবাশ্বিরসহ একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
গুলশান বিভাগ পুলিশ ও ডিএমপি সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, বাড্ডার নিমতলির শ্রীশ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে একটি নির্মাণাধীন ভবনের দোতলায় কক্ষের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘুমিয়ে থাকা চারজন ফোর্স ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে তাদের ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ছিল।
পরবর্তীতে সকাল পৌনে ১০টায় পুলিশ মণ্ডপসংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করে। চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।
এ ঘটনায় কর্তব্যে অবহেলার কারণে এসআই মোবাশ্বিরসহ একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া, বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।








