পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক
রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি স্বর্ণের দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে।
ঘটনা জানাজানির পর বৃহস্পতিবার সকালে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরচক্রের দুই সদস্য বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
শম্পা জুয়েলার্সের মালিকের দাবি, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার সাজানো ছিল। এছাড়া প্রায় ১০০ ভরির মতো বন্ধকী স্বর্ণ এবং ৪০ হাজার টাকার মতো নগদ অর্থ ছিল। সবকিছুই চোরচক্র লুটে নিয়ে গেছে।

তিনি বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। ভোরে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পাই দোকানের তালা ভাঙা। এসে দেখি, দোকান সম্পূর্ণ খালি।”
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম বলেন, “দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি।”
এর আগে, গত রোববার রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও পৌনে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।








