,

ঘুমধুম-তুমব্রু সীমান্তে আবারও গুলির শব্দ

স্টাফ রিপোর্টার- দুই দিন বন্ধ থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্ত এলাকায় আবারও মিয়ানমারের গোলাগুলি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে তুমব্রু সীমান্তে থেমে থেমে চালানো গুলির বিকট শব্দে সীমান্তের বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দুপুর ১২টা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার স্থানীয় বাসীন্দারা জানান, সীমান্তে দুই দিন গোলাগুলি বন্ধ থাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরেছিল। কিন্তু হঠাৎ মঙ্গলবার সকাল থেকে আবারও গোলাগুলি শুরু হওয়ায় ভয়ে আছে সীমান্তের লোকজন।

টানা দুই দিন বন্ধ থাকার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও সকাল থেকে ভারী গুলি শব্দ পাওয়া যাচ্ছে। গুলির বিকট শব্দে এলাকার মানুষজন ভয়ভীতির মধ্যে রয়েছে। তবে আকাশে এখন পর্যন্ত মিয়ানমারের হেলিকপ্টার বা যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক জানিয়েছেন, সীমান্তে আবারও গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। তবে ভয়ভীতির কোনও কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে বিজিবি

এর আগে, ২৮ আগস্ট বেলা ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় বান্দরবানের ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। এরপর ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম এলাকায় পড়ে।

এর আগে গত রবিবার ঢাকায় নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মাইনুল কবির রাষ্ট্রদূতকে তলব করে এ সংক্রান্ত একটি প্রতিবাদপত্র দেন।

জানা যায়, রাষ্ট্রদূতকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয়। তার সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে সাম্প্রতিক ঘটনায় অসন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি এ বিষয়ে সতর্ক করা হয় মিয়ানমারকে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে রাখাইনে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রয়োজন বলে সেটির বিষয়েও ঢাকার তরফ থেকে তাগিদ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ