,

ডিজিটাল প্রতারণার ফাঁদ পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র   

স্টাফ রিপোর্টার- দিন দিন বাড়ছে ডিজিটাল লেনদেন। ঝামেলামুক্ত  হওয়ায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে এ মাধ্যম। একই সঙ্গে বাড়ছে ডিজিটাল প্রতারণাও। প্রতারকচক্র প্রতিনিয়ত কৌশল বদলে ফাঁদে ফেলে লুটে নিচ্ছে লাখ লাখ টাকা। টাকা খুইয়ে পথে বসছে অনেক মানুষ। ডিজিটাল লেনদেনের মাধ্যম হিসেবে মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং বেশ এগিয়ে। কার্ডেও লেনদেন বেড়েছে আগের চেয়ে। তবে টাকা হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে চক্রটি মোবাইল ব্যাংকিংকে বেছে নিচ্ছে প্রধান হাতিয়ার হিসেবে। চলতি বছর সাইবার অপরাধে যে মামলা হয়েছে তার প্রায় ৩২ শতাংশ প্রতারণার।

পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় নজরদারি থাকলেও ডিজিটাল প্রতারণার এসব মাধ্যম ব্যক্তিগত হওয়ায় পুলিশের নজরদারির সুযোগ খুবই কম। এই সুযোগ না থাকায় এই মাধ্যমগুলোতে হয়তো প্রতারণা হচ্ছে।

প্রতারকরা বিকাশ নম্বরে ফোন করে বলে, আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। বিকাশ অফিস থেকে ফোন দিয়ে অ্যাকাউন্ট ঠিক করে দেবে। তারপর বিকাশ অফিসের কর্মীর পরিচয়ে ওই নম্বরে কল দেয়া হয়। সংশ্লিষ্ট অন্য একটি নম্বরে তথ্য চাওয়া হয়। অপর প্রান্ত থেকে সুন্দর এবং সাবলীল ভাষা শুনে সহজেই প্রতারনার ফাঁদে পা দেয় ভুক্তভোগীরা। ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের তথ্য তুলে দেয় প্রতারকদের হাতে।  ভেরিফিকেশন কোড চাইলে তাও অকপটে বলে দেয়। এরপর যা হবার তাই ! মুহুর্তেই একাউন্টে থাকা সব টাকা তুলে নেয় প্রতারক চক্র।

প্রতারণা থেকে রক্ষা পেতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার প্রচারণা রয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনে বলা আছে কখনো কোনো গ্রাহকের পিনকোড, পাসওয়ার্ড জানতে চায় না। এরপরও মানুষ প্রতারকের ফাঁদে পা দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সূত্রমতে, ২০২২ সালের জুলাই পর্যন্ত সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে ৯৮টি মামলার মধ্যে ৩২টি মামলা হয়েছে শুধু প্রতারণার। অর্থাৎ মোট মামলার ৩১ দশমিক ৬৪ শতাংশ।

আর্থিক প্রতারণার জন্য ভয়ভীতিসহ নানা কৌশল গ্রহণ করে প্রতারকরা। এর আগে ময়মনসিংহ থেকে সহযোগীসহ এক প্রতারকচক্রের মূলহোতাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।  প্রতারক চক্র অতন্ত্য সুকৌশলে স্কুল/কলেজ/ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে ফোন করে জানায় আপনার সন্তান ‘মাদকসহ ধরা পড়েছ “ গোয়েন্দা পুলিশ পরিচয়ে এমন ফোন পেয়ে সহজেই ঘাবড়ে যায় অভিভাবকরা। বলা হয়, টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। অভিভাবকরা  সন্তানকে বাঁচাতে কোনো যাচাই না করেই পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিদের বিকাশ/রকেট/নগদ   অ্যাকাউন্টে মুহুর্তেই টাকা পাঠিয়ে দেন।

এভাবে হাজার হাজার পরিবারের  কাছ থেকে টাকা হাতিয়ে নেয় চক্রটি। মূলত কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে তারা। প্রতারণার শিকারদের মধ্যে চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রকৌশলীও রয়েছেন। এতে সবচেয়ে বেশি প্রতারণার শিকার নারীরা।

গোয়েন্দা পুলিশ জানায়,  প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে প্রতারণার ধরন। নাগরিকদের নিরাপত্তায় নতুন নতুন নিরাপত্তা কৌশল অবলম্বন করে পুলিশও। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ব্যক্তিকেই প্রথমে সচেতন হতে হবে। আর যখনই এমন ঘটনা ঘটবে পুলিশকে জানাতে হবে। পুলিশের একটি আইসিটি উইং আছে যারা এগুলো নিয়ে কাজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি থাকলেও ডিজিটাল প্রতারণার এই মাধ্যমগুলো ব্যক্তিগত হওয়ায় পুলিশের নজরদারির সুযোগ খুবই কম। এ সুযোগ না থাকার ফলে এই মাধ্যমগুলোতে হয়তো প্রতারণা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পাশাপাশি মানুষকে সচেতন হতে হবে। বিট পুলিশিংয়ে এ বিষয়ে সচেতন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ