স্টাফ রিপোর্টার- রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ তানভীর, মোঃ সাজিদ আহমেদ রাসেল, মোঃ আফসার হোসেন বাবু ও এনজেল স্যামুয়েল কস্তা।
বুধবার দিবাগত রাত দেড়টায় পূর্ব শেওড়াপাড়ার মাজেদা ফার্নিচারের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কাফরুল থানার অফিসার ইনর্চাজ মোঃ হাফিজুর রহমান। এ সময় তিনটি খাকি রংয়ের ডিবি লেখা জ্যাকেট, একটি হ্যান্ডক্যাপ, একটি ওয়াকিটকি, একটি চাকু, একটি চাপাতি ও ৪টি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে।
অফিসার ইনর্চাজ আরও জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব শেওড়াপাড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে কাফরুল থানার কুইক রেসপন্স টিমের (কিউআরটি) এসআই সোহেবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পূর্ব শেওড়াপাড়ার মাজেদা ফার্নিচারের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে তাদের চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।








