স্টাফ রির্পোটার- ডাকাতি ও খুনসহ বেশকয়েকটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) দলের চরমপন্থী নেতা শুক্কুর আলী এবং তার প্রধান সহকারী দূর্ধর্ষ ডাকাত দিদারকে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাব-৩ একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- শুক্কুর আলী (৫০) ও দিদার মিয়া (৪০)।
বুধবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ।

গ্রেফতারকৃত আসামী শুক্কুর আলী সম্পর্কে তিনি জানান, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে সর্বহারা পার্টির চরমপন্থী নেতা শুক্কুর আলী ও তার দল নেত্রকোনার খালিয়াজুড়িঁ থানার নগর ইউনিয়নের আদমপুর, গোয়ালবাড়ী এলাকার মনোরঞ্জন সরকারের বাড়ির দেয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবাণ মালামাল লুট করে। মনোরঞ্জন সরকারের ছেলে লুটতরাজে বাঁধা প্রদান করলে তাকে রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে শুক্কুর আলী ও তার দল।
গ্রেফতারকৃত অপর আসামী দিদার উক্ত হত্যাকান্ডে তার চাচা শুক্কুর আলীর প্রধান সহকারী হিসেবে ভূমিকা পালন করে। ওই ঘটনায় নেত্রকোনা থানায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত শুক্কুর এবং দিদার ওই মামলার অন্যতম প্রধান আসামী। বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৯ সালে তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করেন। গ্রেফতারের ভয়ে তারা সম্পূর্ণভাবে এলাকা ত্যাগ করে এবং নারায়ণগঞ্জে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং মাছের ব্যবসা শুরু করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।








