স্টাফ রিপোর্টার \ ড্যান্স কনসার্টের আড়ালে ডাকাতি করা চক্রকে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-১১ এর বিশেষ অভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার পূর্বভবনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনি (২৫), মোঃ সোহেল (৩২), মোঃ শহিদুল ইসলাম (২৬), আল আমিন (২৩), মোঃ ইসমাইল (৩৮) এবং সুজয় দে (৩০)। অভিযানে গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের কাছ থেকে ম্যাগাজিন ভর্তি ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১ রাউন্ড ব্লাংক গুলি ১টি ছোরা, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ২টি তালা ভাঙ্গার শাবল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত চক্রটি গত ০৬ এপ্রিল এবং ২৪ এপ্রিল আড়াইহাজার থানা এলাকায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ছিল মর্মে র্যাবের নিকট স্বীকারোক্তি প্রদান করেছে।
র্যাব বলছে, গ্রেফতারকৃত ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনির বিরুদ্ধে ইতিপূর্বে আড়াইহাজার থানায় ৩টি এবং সোনারগাঁও থানায় ১টি অস্ত্রসহ ডাকাতি, অপর আসামী মোঃ সোহেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ৩টি এবং সোনারগাঁও থানায় ১টি অস্ত্রসহ ডাকাতি ও ১টি মাদক মামলা, আসামী মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে ধামরাই থানায় ১টি অস্ত্রসহ ডাকাতি ও ২টি ধর্ষণ এবং বিভিন্ন থানায় ৪টি অস্ত্রসহ ডাকাতি মামলা, আসামী সুজয় দে‘র বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় ১টি চুরি এবং মকছেদপুর থানায় ১টি ধর্ষণসহ হত্যা মামলা রয়েছে। এছাড়া অপর দুই আসামীকে ইতিপূর্বেও র্যাব-১১ গ্রেফতার করেছিল। সেই মামলায় তারা জামিনে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে।

র্যাবের দাবী গ্রেফতারকৃত ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনি নিজেকে কাঁচপুর এলাকায় “বন্ধু ড্যান্স একাডেমী “ নামক একটি ডান্স গ্রুপের গ্র্যান্ড মাষ্টার হিসেবে পরিচয় দেয় এবং বিভিন্ন সময়ে বিয়ে, জন্মদিন বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান উপলক্ষ্যে ড্যান্স কনসার্ট নামে বিভিন্ন প্রবাসী বা ধনী ব্যক্তিদের বাড়ী টার্গেট করে এবং তাদের পরিবারের সদস্যদের সাথে সখ্যতা গড়ে তোলে। পরবর্তীতে সে তার টার্গেট করা বাড়ীগুলোতে পরিকল্পনা করে ডাকাতি সংঘটিত করে।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ, ঢাকা এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার প্রবাসীদের বাড়িতে অথবা বিভিন্ন ব্যবসায়ী বা আর্থিকভাবে স্বচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে তাদের ডাকাতি করত। তারা গভীর রাতে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার বাসা-বাড়িতে অতর্কিতভাবে হাজির হয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সাধারণ লোকজনদের জিম্মি করে ডাকাতি করে সিএনজি অথবা মোটরসাইকেলযোগে দ্রুততার সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুষ্কৃতিকারী এই ডাকাত দলের সদস্যরা ডাকাতি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলে জনসাধারণকে মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুরসহ গুরুতর জখম করতে দ্বিধাবোধ করে না।
র্যাব-১১ এর অধিনায়ক বলছেন, সমাজের সকল স্তরের মানুষদের আমরা অনুরোধ করতে চাই যে, আপনারা যেকোন অপরিচিত ব্যক্তিকে বাসায় আনার ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং বহিরাগতদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।








