,

টিপু-সামিয়া হত্যা মামলায় আরো ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার \ রাজধানীর মতিঝিল থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যাকান্ডে জড়িত আরও ৫ জনকে গ্রেফতার করেছে  মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলোঃ- মোঃ শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম, মোঃ তৌফিক হাসান ওরফে বাবু (৩৪), মোঃ সুমন হোসেন ওরফে সুমন (৩৫), ৪। মোঃ এহতেশাম উদ্দিন চৌধূরী ওরফে অপু (৩৭) এবং শরিফুল ইসলাম ওরফে হৃদয় (২৭)। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ২ টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩ টি ম্যাগাজিন ও ব্যবহৃত ১ টি মোটর সাইকেল জব্দ করে ডিবি পুলিশ।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হাুরুন-অর-রশীদ।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (মতিঝিল) বিভাগ এর খিলগাঁও জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার রাতে যশোর বেনাপোল এলাকা ও ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাত আনুমানিক দশটা বিশ মিনিটে শাহজাহানপুর থানার আমতলা এলাকায় মতিঝিল থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম টিপু এজিবি কলোনী থেকে নিজ বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে গুরুতর জখম করে। এ সময় পাশে থাকা রিক্সারোহী কলেজছাত্রী  সামিয়া আফরান জামাল প্রীতি গুলিবিদ্ধ হয়। স্থানীয় লোকজন ও পুলিশ তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শাহজাহানপুর থানায় হত্যা মামলা রুজু হয়। গোয়েন্দা (মতিঝিল) বিভাগ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তকালে এ মামলার মূল আসামী শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেফতার করা হয়। মাসুম মোহাম্মদ  আকাশকে জিজ্ঞাসাবাদে ও তার ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানন্দি প্রদান করে।

আকাশ তার জবানবন্দিতে হত্যাকান্ডের মূল সমন্বয়ক হিসাবে সুমন শিকদার ওরফে মুসা ও পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসান আহম্মেদ মন্টি ও জাফর আহম্মেদ মানিক ওরফপ ফ্রিডম মানিকের সংশ্লিষ্ঠতার কথা প্রকাশ করে।

পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের মাধ্যমে সুমন শিকদার ওরফে মুসাকে ইন্টারপোলের সহায়তায় ওমান থেকে দেশে ফিরিয়ে আনা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উক্ত হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী অন্যতম আসামী মোঃ শামীম হোসাইন ওরফে মোল্লা শামীমকে গ্রেফতারসহ হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রগুলি ও মোটর সাইকেল উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামী মোঃ শামীম হোসেন ওরফে মোল্লা শামীম সীমান্ত পাড়ি দিয়ে দেশ ত্যাগ করার উদ্দেশ্যে যশোর বেনাপোল এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভালো ভিত্তিতেই মূলত অভিযান চালানো হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে দক্ষিণ গোড়ান এলাকা থেকে শরিফুল ইসলাম ওরফে হৃদয়কে হত্যাকান্ডে ব্যবহৃত ২ টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩ টি ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তৌফিক হাসান ওরফে বাবু ওরফে বিডি বাবুর তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত মোটর সাইকেলটি দক্ষিণ গোড়ান থেকে উদ্ধার করা হয়। তাদেরকে আদালতে প্রেরন করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান ডিবির উর্ধতন এই কর্মকর্তা।

চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এ পর্যন্ত মোট ২৭ জন আসামীকে গ্রেফতার করা হলো।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ