স্টাফ রিপোর্টার- রাজধানীর লালমাটিয়ায় গত ১৫ অক্টোবর ঢাকা কলেজ শিক্ষার্থীর কাছ থেকে সাড়ে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, জসিম উদ্দিন ওরফে জর্জি ও মীর হোসেন। তাদের দেওয়া তথ্যমতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
তিনি বলেন, গত ১৫ অক্টোবর ঢাকা কলেজের শিক্ষার্থী মো. স্বাধীন সরকার (২৩) ও তার চাচাতো ভাই মোশারফ হোসেন সবুজ (৩৭) ঢাকা কলেজে থেকে রিকশাযোগে আদাবরস্থ নিজ বাসায় যাচ্ছিলেন। তারা মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া ব্লক-এ, সানরাইজ প্লাজার পাশে পান কেনার জন্য রিকশা থামায়। ওই স্থানের পাশে একটি মোটরসাইকেল নিয়ে দুজন অজ্ঞাতনামা লোক তাদের কাছে এসে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদের গেঞ্জির কলার ধরে চর-থাপ্পড় মারে। 
এসময় লালমাটিয়ার দিক থেকে আরো দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে অজ্ঞাতনামা দুজনের সঙ্গে যুক্ত হয় এবং ভুক্তভোগী স্বাধীন সরকারের পেছন দিকে কিছু একটা ঠেকিয়ে গুলি করার ভয় দেখিয়ে তাদের দুজনের কাছ থাকা ৪৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় শিক্ষার্থী স্বাধীন সরকার বাদী হয়ে অভিযোগ দিলে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়।
ডিসি আজিমুল হক আরও বলেন, ঘটনাটি বিভিন্ন ইকেক্ট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার পর মোহাম্মদপুর থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত শুরু করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলের আশেপাশের এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে।
ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহয়তায় তাদের অবস্থান শনাক্ত করে মোহাম্মদপুর থানা এলাকার লালমাটিয়া ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চারজনের মধ্যে জসিম উদ্দিন ওরফে জর্জি ও মীর হোসেনকে গ্রেফতার করা হয় ।তাদের দেওয়া তথ্যমতে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জড়িত অন্য দুজনের নাম প্রকাশ করেছে। বাকি দুজনকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তেজগাঁও বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক।








