,

পঙ্গুত্বের আড়ালে ইয়াবা কারবার! গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার- পঙ্গুত্বের সুযোগ নিয়ে ইয়াবা ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন রানা হাওলাদার (২৬) নামে এক যুবক। এ সময় তার হাতে সংযুক্ত প্লাস্টিকের কৃত্রিম হাতের ভেতর থেকে ১৫৫ পিস সাদা রঙের ইয়াবা উদ্ধার করে পুলিশ।

বুধবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিসি এইচ এম আজিমুল হক।

তিনি সাংবাদিকদের বলেন, মাদক বেচাকেনার এটি একটি নতুন কৌশল। আপনারা জানেন এরকম লোক মানুষের কাছে এমনিই সিমপ্যাথি পায়। রানা সেই সুযোগটিকে কাজে লাগিয়েছে। মঙ্গলবার রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার ওমর আলী লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করি।

গ্রেফতারকৃত রানাকে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। পরে তার বাম হাতের নিচের অংশ কেটে ফেলেন চিকিৎসক। সে দীর্ঘ সাত-আট বছর ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, রানার বিরুদ্ধে শরীয়তপুর জেলার সখিপুর থানায় দুটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। সে পেশায় একজন অটোরিকশা চালক। অটোরিকশা চালালেও তার মূল পেশা ইয়াবা কারবার। মূলত অটোরিকশা চালিয়ে সে ঢাকার বিভিন্ন স্থানে যাত্রী আনা নেওয়ার পাশাপাশি ইয়াবা সরবরাহ করে। বাম হাতে প্লাস্টিকের কৃত্রিম হাত সংযুক্ত থাকায় তাকে তেমন কেউ সন্দেহের চোখে দেখেনি। উপরন্তু সে সবার সহানুভূতি পেয়েছে।

তিনি বলেন, বিভিন্ন বিনোদন এলাকায় ঘুরতে গিয়ে সে এই মাদক বিক্রি করতো। ইয়াবাগুলো সে তার কৃত্রিম হাতের কনুইয়ের ভেতরে অভিনব কায়দায় নিল রঙের ক্ষুদ্র প্যাকেটে লুকিয়ে রাখতো। আমরা দীর্ঘদিন ধরে তাকে অনুসরণ করছিলাম।

ডিসি জানান, রানা বেশ কিছুদিন ধরে মিরপুর এলাকায় থাকে। গত সাত দিন আগে সে বিয়ে করেছে। এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। মঙ্গলবার সে মিরপুর থেকে বাসে করে নতুন বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। রামপুরা এলাকায় এসে বাস থেকে নেমে বউকে বসতে বলে ইয়াবা ডেলিভারি দিতে গিয়ে হাতিরঝিল থানা পুলিশের হাতে গ্রেফতার হয় সে। তার সঙ্গে এ কাজে আরো কেউ জড়িত আছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সাদা ইয়াবার বিষয় তিনি সাংবাদিকদের বলেন, মাদকের ভিন্নতা আনতে এবং চাহিদার কারণেই তারা এটি করতো।

এ সময় উপস্থিত ছিলেন তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবাইয়াত জামান, শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হাফিজ আল ফারুক।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ