স্টাফ রিপোর্টার\ রিক্রুটিং ব্যবসার আড়ালে অধিক বেতন, হজ্ব করানো সহ বিভিন্ন প্রলোভনের মাধ্যমে সৌদি আরবে গৃহকর্মী পাঠাতো কনকর্ড এ্যাপেক্স নামের একটি প্রতিষ্ঠান। সেখানে অধিক বেতন তো দূরের কথা তাদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন। সেই নির্যাতিতা দুই নারী ভিকটিম ফিরোজা এবং শরিফা’কে উদ্ধার করেছে র্যাব।
র্যাব-১ অধিনায়ক লে.কর্নেল আবদুল্লাহ আল মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ০৭ আগস্ট র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্টন থেকে কনকর্ড এ্যাপেক্স রিক্রুটিং এজেন্সির এমডি মোঃ আবুল হোসেন (৫৪) তার সহযোগী আলেয়া বেগম (৫০)’কে গ্রেফতার করে র্যাব। ওইদিন ৩ জন নারী ভিকটিমকেও উদ্ধার করে আভিযানিক দলটি।
উদ্ধারকৃত ভিকটিম শরিফা খাতুন এর স্বামী মাঈন উদ্দিন বাদী হয়ে গত ৮ই আগস্ট ডিএমপির পল্টন থানায় একটি মানব পাচার মামলা দায়ের করে।
তিনি জানান, মামলার সূত্র ধরে র্যাব-১ সৌদি আরবে অমানবিক নির্যাতনের শিকার আটকে থাকা ভিকটিম ফিরোজা এবং শরিফা’কে উদ্ধারে জোর প্রচেষ্টা চালায়। র্যাবের অব্যাহত প্রচেষ্টা ও গণমাধ্যমের সহযোগিতায় শনিবার রাত সাড়ে নয়টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ভিকটিম ২ জন হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছায়।
এ সময় র্যাব-১ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে একটি চৌকশ দল ভিকটিমদ্বয়কে বিমানবন্দর থেকে উদ্ধার করে বিমানবন্দরের টার্মিনাল-১ এ উপস্থিত স্বজনদের কাছে হস্তান্তর করে।
পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলমান রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।








