স্টাফ রিপোর্টার \ আন্তর্জাতিক ডেক্স-রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্য ও জ্বালানীর অভাব বিরাজ করছে। ঠিক সেই সময় ইউরোপে জ্বালানী সরবরাহ বন্ধ করে দেয়ায় রাশিয়াতে প্রতিদিন বাড়তি গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে। বিবিসির এক খবরে বলা হয়েছে, রাশিয়া প্রতিদিন এক কোটি ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলছে।
বিবিসির ওই খবরে বলা ঞয়, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে রাশিয়া তাদের একটি গ্যাস স্থাপনায় প্রতিদিন প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলছে যার আর্থিক মূল্য প্রায় এক কোটি ডলার। রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের নতুন এই স্থাপনাটি ফিনল্যান্ড সীমান্তের কাছে, সেন্ট পিটার্সবার্গের উত্তর-পশ্চিমে।
বিশেষজ্ঞরা বলছেন, এই গ্যাস এর আগে নর্ডস্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে জার্মানিতে রপ্তানি করা হতো। জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর থেকে রাশিয়া এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। মস্কো বলছে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের সরবরাহ কমে গেছে।
কিন্তু জার্মানি বলছে, ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস আমদানি কমিয়ে দেওয়ার পর, রাজনৈতিক কারণেই মস্কো গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে। এর জের ধরে ইউরোপ জুড়ে জ্বালানির মূল্য নজিরবিহীন হারে বেড়ে গেছে।








