,

চীনের ‘হুমকি’ উপেক্ষা করে তাইওয়ানে ন্যান্সি পেলোসি : যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-চীন?

চীনের ‘হুমকি’ উপেক্ষা করে তাইওয়ানে ন্যান্সি পেলোসি : যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-চীন?

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে বেইজিং। কিন্তু তাইওয়ানের মানুষ নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবেই দেখেন। দীর্ঘদিন ধরে তাইওয়ানকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। এমন সময়ে চীনের ‘হুমকি’ উপেক্ষা করেও তাইওয়ানে গেছেন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। পেলোসির এই সফরে উত্তেজনা চরমে উঠেছে। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন শেষপর্যন্ত যুদ্ধে জড়াচ্ছে, এমন ধারণাই করা হচ্ছে।

পেলোসির তাইওয়ান সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল চীন। দেওয়া হয়েছিল নানান হুমকি-ধামকি। তবে এসব হুমকি উপেক্ষা করে তাইওয়ানের তাইপে বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পেলোসি তাইওয়ানে যাওয়ার মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর যুক্তরাষ্ট্রের কোনো হাউজ স্পিকার এশিয়ার বিরোধপূর্ণ এ দেশটিতে গেলেন।

এদিকে এ সফরের আগে চীনের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয় তারা কঠোর পদক্ষেপ নেবে। গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পেলোসি তাইওয়ানে পৌঁছানোর পর চীন ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থান নেয়। পেলোসি তাইওয়ানে পৌঁছানোর পর একটি টুইটে বলেছেন, তিনি এখানে এসেছেন তাইওয়ানের গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের যে সমর্থন আছে সেটি পুনরায় ব্যক্ত করতে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাথে বৈঠক করেন ন্যান্সি পেলোসি। এরপর যৌথ সংবাদ সম্মেলনও করেন। রাজধানী তাইপে’তে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বন্ধুত্বের কারণে এই সফরে এসেছি।’ আল-জাজিরা এ খবর জানিয়েছে। পেলোসি বলেন, ‘ওয়াশিংটন তাইওয়ানের স্থিতিবস্থাকে সমর্থন করে। আমরা চাই না জোর জবরদস্তি করে তাইওয়ানে কিছু হোক।’

পেলোসি আরো বলেন যে, তিনি এবং মার্কিন কংগ্রেসের সদস্যরা দ্ব্যর্থহীনভাবে ‘তাইওয়ানের পাশে আছে যুক্তরাষ্ট্র’ বার্তাটি পাঠাতে দ্বীপটি সফর করছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় তাইওয়ান নিরাপত্তাসহ স্বাধীনতা পাবে এবং এ থেকে পিছপা হবে না। আমরা তাইওয়ানকে ছেড়ে যাব না।’

পেলোসি বলেন, ‘আমাদের প্রতিনিধিদল তাইওয়ানে এসেছে দ্ব্যর্থহীনভাবে এটা স্পষ্ট করে দিতে যে আমরা তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি ত্যাগ করব না। আমিও এই প্রতিনিধিদলের একজন গর্বিত সদস্য। আমরা আমাদের স্থায়ী বন্ধুত্বের জন্য গর্বিত। এখন আগের যেকোনো সময়ের চেয়ে তাইওয়ানের প্রতি আমেরিকার সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা আজ সেই বার্তাটিই এখানে নিয়ে এসেছি।’

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনের সঙ্গে বৈঠকে পেলোসি বলেন, যখন আইনপ্রণেতারা ১৯৭৯ সালে ‘তাইওয়ান সম্পর্ক আইন’ পাস করেছিলেন, তখনই তাইওয়ানের পাশে সব সময় দাঁড়ানোর নীতিগত অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। এই আইনটি দ্বীপটির আত্মরক্ষায় সহযোগিতা করা যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যতামূলক করেছে।

তাইওয়ানের প্রতি ‘অবিচল সমর্থন’ জানানোয় পেলোসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারকে দ্বীপটির সবচেয়ে ‘নিষ্ঠাবান বন্ধুদের’ একজন অভিহিত করেন। সাই বলেন, ‘এই সংকটময় মুহূর্তে তাইওয়ানের প্রতি আপনাদের দৃঢ় সমর্থন এবং তাইওয়ানের আত্মরক্ষার সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক নীতির জানান দিতে নেওয়া শক্ত পদক্ষেপের জন্য আপনাকে ধন্যবাদ।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ