আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানকে কোনভাবেই চীনের অংশ হতে দেবে না যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এ দৃঢ় প্রত্যয় জানিয়েছেন পেলোসি। এশিয়া সফরের বিস্তারিত তুলে ধরতে গিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এশিয়া সফরের সময় চীনের জোরালো আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যান পেলোসি।
এর প্রতিক্রিয়ায় তাইওয়ান প্রণালীসহ আশপাশের অন্তত ছয়টি এলাকায় সামরিক মহড়া চালায় বেইজিং। তাইওয়ান বেইজিংয়ের এই মহড়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তাইওয়ান বারবার বলছে, দ্বীপটিকে দখলের জন্যই চীন সামরিক মহড়া চালাচ্ছে। সূত্র: রয়টার্স।
চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে যে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া আপাতত সফলভাবে শেষ হয়েছে। এক বিবৃতিতে তারা একথা জানিয়েছে। চীন বলেছে, তারা তাইওয়ান প্রণালীতে সামরিক প্রশিক্ষণ এবং অভিযানের প্রস্তুতি গ্রহণ অব্যাহত রাখবে যাতে জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা রক্ষা করা যায়।
তাইওয়ানকে চীনা মূল ভূখণ্ডের সঙ্গে একিভূত করার বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার পরপরই বেইজিং সামরিক মহড়া সুসম্পন্ন হওয়ার ঘোষণা দিল। শ্বেতপত্রে চীন বলেছে, বেইজিং শান্তিপূর্ণভাবে মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একীভূত করতে চায় তবে বলপ্রয়োগের বিষয়টি বাদ দেবে না; প্রয়োজন হলে সামরিক উপায়ে তাইওয়ানকে একীভূত করা হবে।








