আন্তর্জাতিক ডেস্ক- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া জি-টুয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন যৌথ ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। এবারের যৌথ বিবৃতি ইউক্রেন থেকে রাশিয়ার প্রতি নিঃশর্তভাবে পুরোপুরি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তৈরি করা হয়। তবে রাশিয়ার আপত্তিতে চীন সমর্থন জানানোয় তা শেষপর্যন্ত আলোর মুখ দেখল না। খবর আল-জাজিরার।
এদিকে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করতে এবং তার সমাধান দিতে ব্যর্থ হয়েছে।
মোদি আরও বলেন, জি- ২০ ভুক্ত দেশগুলোকে স্বীকার করতেই হবে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বর্তমানে সংকটের মধ্যে। গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেছে অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী, সন্ত্রাসবাদ এবং যুদ্ধ আমাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে যে বৈশ্বিক গভর্নেন্স ব্যর্থ হয়েছে।
এই সম্মেলনে সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পরস্পর সাক্ষাৎ করেন। তবে তাদের মধ্যে মাত্র ১০ মিনিটের কথোপকথন হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।








