আন্তর্জাতিক ডেস্ক- রুশ বন্দর নগরী ভ্লাদিভস্টকে জাপানের কনসাল জেনারেলকে আটক করেছে রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থা। সোমবার গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রথমে আটক এবং পরে তাকে রাশিয়া ছেড়ে যেতে বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় কয়েক ঘণ্টা আটকে রাখার পর কনসাল জেনারেল মতোকি তাতসুনোরিকে ছেড়ে দেয় রুশ সংস্থাটি। এই ঘটনায় টোকিওর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন জাপানের মন্ত্রিপরিষদের প্রধান সচিব হিরোকাজু মাতসুনো। গণমাধ্যম ব্রিফিংয়ে তিনি প্রতিশোধমূলক উদ্যোগ নেওয়ার কথাও জানান।
এফএসবি জানিয়েছে, কনসাল মতোকি তাতসুনোরিকে অবাঞ্ছিত (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতির ওপর পশ্চিমের আরোপ করা বিধিনিষেধের প্রভাব সংক্রান্ত গোপন তথ্য পাওয়ার সময় তাকে হাতেনাতে ধরার দাবি জানিয়েছে সংস্থাটি।
এফএসবি আরও দাবি করেছে, এই গোপন তথ্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি দেশের সঙ্গে রাশিয়ার পারস্পরিক সহযোগিতার সঙ্গে সম্পর্কযুক্ত এবং আর্থিক পুরস্কারের বিনিময়ে তিনি এই তথ্য জোগাড় করেছেন।
ইতোমধ্যে কূটনীতিক চ্যানেলের মাধ্যমে মস্কো, টোকিওর কাছে কনসাল জেনারেলের কার্যক্রমের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানান, তাতসুনোরিকে আটক করার সময় ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। তার চোখ ও হাত-পা বেঁধে তাকে আটক করা হয়, যা সুস্পষ্টভাবে কূটনীতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। মাতসুনোর দাবি আটককৃত কনসাল কোনো অবৈধ কাজ করেননি।
জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে জাপানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে টোকিও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি একইসঙ্গে মস্কোর কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনার দাবি জানান।
মতোকি তাতসুনোরির বুধবারের মধ্যে রাশিয়া ছেড়ে যাবেন বলে জানানো হয়।








