আন্তর্জাতিক ডেস্ক – যুক্তরাজ্যে পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ভোটাভুটি শেষ হয়েছে। আগামী সোমবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচন এবং প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি বেছে নিতে এক মাস ধরে চলেছে এ ভোটাভুটি। যতদূর ধারণা করা হচ্ছে, নির্বাচনে জয় পাবেন লিজ ট্রাস। বরিস জনসনের স্থলাভিষিক্ত হবেন ট্রাস। কনজারভেটিভ পার্টির দুই লাখ সদস্য ভোটাভুটিতে অংশ নেন। দলীয় নেতৃত্বের এ লড়াই নিয়ে করা জনমত জরিপে শুরু থেকেই এগিয়ে আছেন ৪৭ বছর বয়সী লিজ ট্রাস।
এমনই খবর জানাচ্ছে আল-জাজিরা। তারা বলছে, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের মধ্য থেকে একজনকে বরিস জনসনের উত্তরসূরি হিসেবে বেছে নিতে হচ্ছে। এজন্য গত ৪ আগস্ট থেকে ভোট গ্রহণ শুরু হয়। কনজারভেটিভ পার্টির সদস্যরা অনলাইন ও ডাকযোগে ভোট দিয়েছেন। প্রায় এক মাস ধরে চলা ভোটাভুটি শেষ হয়েছে শুক্রবার। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এর এক দিন পরই ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন জনসন।
কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান অ্যান্ড্রু স্টিফেনসন দুই প্রার্থীকে ধন্যবাদ জানিয়েছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পর তিনি বলেন, আমি জানি, আমাদের দলটি একজন নতুন নেতাকে ঘিরে ঐক্যবদ্ধ হতে এবং দেশের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, তা মোকাবিলা করতে প্রস্তুত আছে।
কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির সঙ্গে চলতি বছরের শেষের দিকে দেশটিতে মন্দা দেখা দেওয়ার আশঙ্কা আছে। নির্বাচিত হলে করের হার কমাবেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন লিজ ট্রাস। ভোটাভুটি শেষ হওয়ার পর এক বিবৃতিতে লিজ ট্রাস বলেন, আমার একটি দৃঢ় পরিকল্পনা আছে, যা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। এতে উচ্চ মজুরি পাওয়া যাবে, পরিবারগুলোর জন্য আরও বেশি করে নিরাপত্তা এবং বিশ্বমানের জনসেবা নিশ্চিত করবে।’ তিনি আরও বলেন, ‘আমি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হই, তাহলে কখনোই কাউকে আমাদের ছোট করে কথা বলতে দেব না। আমাদের এ দেশের সাফল্য নিশ্চিত করতে আমি আমার সাধ্যমতো সবকিছু করব।
৪২ বছর বয়সী ঋষি সুনাক তাঁর প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাসের পরিকল্পনাকে ‘বেপরোয়া’ বলে উল্লেখ করে দাবি করেন, দেশের সাবেক অর্থমন্ত্রী হিসেবে চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর যে অভিজ্ঞতা রয়েছে, তা দিয়ে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিনিই সবচেয়ে বেশি কাজ করতে পারবেন। সুনাক বলেন, সামনে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে প্রচুর সুযোগ-সুবিধাও পাওয়া যাবে। চ্যালেঞ্জিং সময় কীভাবে মোকাবিলা করতে হয়, তা আমি জানি। অর্থমন্ত্রী থাকা অবস্থায় সে কাজ আমি করেছি এবং প্রধানমন্ত্রী হিসেবে আমি আবারও তা করব।








