,

শ্রীলঙ্কা, আর্জেন্টিনাসহ আরও ১০ দেশে খাদ্যে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি

শ্রীলঙ্কা, আর্জেন্টিনাসহ আরও ১০ দেশে খাদ্যে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ১০টি দেশে খাদ্যে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক খাদ্য নিরাপত্তা বিষয়ক এক রিপোর্টে এমনই বলা হয়েছে। শ্রীলঙ্কাতো এ তালিকায় থাকছেই। সাথে আর্জেন্টিনা, লেবানন, জিম্বাবুয়ে, ভেনিজুয়েলা, তুরস্ক, ইরান, সুরিনাম, ইথিওপিয়া ও মলদোভাও রয়েছে। সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পেয়েছে লেবাননে। দ্বিতীয় সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পেয়েছে জিম্বাবুয়েতে।

বিশ্ব ব্যাংকের ওই রিপোর্টে বলা হয়েছে, খাদ্যের উচ্চ মূল্যের রেকর্ড সৃষ্টি করেছে বৈশ্বিক সংকট। এর ফলে লাখ লাখ মানুষ চলে যাবে চরম দারিদ্র্যে। তীব্র হবে অনাহার ও অপুষ্টি। কঠোর চেষ্টায় যে উন্নয়ন হয়েছে, তা নস্যাতে এটা হবে হুমকি। এর মধ্যে ইউক্রেন যুদ্ধ সাপ্লাই চেইনকে বিঘ্নিত করবে।

অনেক বছর ধরে যে উন্নয়ন হয়েছে, সাপ্লাই চেইনে বিঘ্নের সঙ্গে করোনা সংক্রমণে অর্থনীতির পতন তাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। খাদ্যের উচ্চ মূল্য নিম্ন ও মধ্য-নিম্ন আয়ের দেশগুলোর মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। কারণ, এসব মানুষ তাদের আয়ের বেশির ভাগ অংশ ব্যয় করছে খাদ্যের পিছনে। উচ্চ আয়ের দেশের তুলনায় এই পরিমাণ অনেক বেশি।

বিশ্ব ব্যাংকের হিসাব মতে, বিশ্বজুড়ে আভ্যন্তরীণভাবে খাদ্যের মূল্য বৃদ্ধি উচ্চ পর্যায়ে আছে। এ বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সর্বোচ্চ মূল্যস্ফীতি ঘটেছে যেসব দেশে তার মধ্যে প্রায় সবটাই নিম্ন, মধ্যম আয়ের দেশ। এর মধ্যে শতকরা ৯২.৯ ভাগ দেশ নিম্ন আয়ের। শতকরা ৯২.৭ ভাগ নিম্ন-মধ্যম আয়ের। উচ্চ-মধ্যম আয়ের দেশগুলোর শতকরা হার ৮৯ ভাগ, যেখানে মুদ্রাস্ফীতি শতকরা ৫ ভাগের ওপরে। ওই রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খাদ্যের মূল্য বৃদ্ধি অনেক বছর ধরে উচ্চ। এ বছর জুলাই মাসে বাংলাদেশ এবং নেপালে বড় রকমের খাদ্য সংকট দেখা দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ