বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন অবৈধ ও দুর্নীতিবাজ সরকারকে বিতাড়িত করা সবার ঈমানী দায়িত্ব হয়ে পড়েছে। ভোট চোর এই সরকারকে বিদায় করতে না পারলে দেশের জনগণকে দুর্ভোগ পোহাতে হবে। দূর্গা পূজার পরেই সরকার পতনের আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই সরকার শুধু ভোট চোরের সরকার নয় অমানবিকও বটে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেয়ার জন্য নূন্যতম সুযোগও দিচ্ছেন না।
শনিবার কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে গনঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, এই সরকার দুর্নীতি লুটপাট ও দলবাজি করে দেশের অনেক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে। বিএনপি ক্ষমতায় এলে দেশকে নতুন করে বিনির্মাণ করা হবে। পুলিশ প্রশাসনকে জনগণের হয়ে কাজ করতে হবে।
ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন, তমিজ উদ্দিন, আলহাজ্ব নাজিম উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান ইবনে অমি ও কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিপন রায় চৌধুরী। সকাল ১১টায় শুরু হয়ে এই গনঅনশন কর্মসূচি দুপুর ১টায় শেষ হয়।








