,

এএসসি পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনায় ম্যাজিস্ট্রেট’কে আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার- পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ইসমাইল রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও বহিষ্কৃত ৯ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নোটিশে আবেদন করা হয়েছে।

শনিবার এই নোটিশ পাঠায় “ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট। আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, আইনজীবী মো. রোকনুজ্জামান ও নাইম সরদার যৌথভাবে এটি পাঠিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পটুয়াখালী জেলা প্রশাসক, সহকারী কমিশনার মো. ইসমাইল রহমান, খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব নুসরাত জাহানকে ই-মেইলে এই নোটিশ পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের নয়জন এসএসসি পরীক্ষার্থীকে গত বৃহস্পতিবার পরীক্ষা শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যেই ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমান কোনো যথাযথ কারণ ছাড়াই এক বছরের জন্য বহিষ্কার করেন। ফলে উক্ত শিক্ষার্থীগণ এবং তাদের পরিবারে নেমে এসেছে গভীর বেদনা। তাদের ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত।

এ বিষয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া যায়- সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলে তিনি বহিষ্কারাদেশের কোনো পরিবর্তন করবেন না বলে জানান। কোমলমতি শিক্ষার্থীদের এভাবে বহিষ্কার করায় শিক্ষার্থী এবং তাদের পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি দেশের প্রত্যেক বিবেকবান ব্যক্তিকে আলোড়িত করেছে। ঘটনা দৃষ্টিতে প্রতীয়মান হয় যে, সংশ্লিষ্ট সহকারী কমিশনার ক্ষমতার অপব্যবহার করে নিপীড়নমূলক, বেআইনি এবং অযাচিত ও ষড়যন্ত্রমূলকভাবে নয়জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নোটিশে নয়জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারপূর্বক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দান ছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং ক্ষমতার অপব্যবহারের জন্য সহকারী কমিশনার মো. ইসমাইল রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে আগামী ১২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে বিবাদীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া কথাও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ