স্টাফ রির্পোটার- নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে উঠতে গিয়ে নিচে কাটা পড়ে ইমতিয়াজ আলী (২১) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ৯টার দিকে উপজেলার আব্দুলপুর জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ইমতিয়াজ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার ইসাহাক আলীর ছেলে। তিনি রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।
আব্দুলপুর জংশন স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, সকাল ৭টার দিকে কমিউটার ট্রেনে ঈশ্বরদী থেকে বাবা ইসাহাক আলীকে সঙ্গে নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ইমতিয়াজ আলী। সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি জংশন স্টেশনে পৌঁছায়।
স্টেশন মাস্টার আরও বলেন, নাস্তার জন্য স্টেশন সংলগ্ন হোটেলে যান বাবা ইসাহক আলী ও ছেলে ইমতিয়াজ। নাস্তা শেষ করতেই ট্রেন ছেড়ে দেয়। দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে পড়ে যান ইমতিয়াজ। বাবার চোখের সামনে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।








