স্টাফ রিপোর্টার- নূর হোসেন, বাংলাদেশের গণতন্ত্রে তার ত্যাগ অবিস্মরণীয়। ১৯৮৭ সালের ১০ নভেম্বর এরশাদবিরোধী আন্দোলনে বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে যোগ দিয়েছিলেন। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার এই ত্যাগের ইতিহাস স্মরণ করে রাখতে প্রথমে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ‘ঐতিহাসিক ১০ নভেম্বর’ ও পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো দিনটিকে ‘নূর হোসেন দিবস’ হিসেবে পালন করতে শুরু করে।
নূর হোসেনের এই ত্যাগ স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। নূর হোসেনে নিহত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ১৯৯৬ সালে তার পরিবারকে মিরপুর-১ মাজার রোডে পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। নূর হোসেনের ভাইয়েরা বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি প্রতিষ্ঠানে পদ পান।
২০০৪ সালে নূর হোসেনের বড় ভাই আলি হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান। একই বছর তিনি বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ গঠন করে তার অনুমোদন নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি হন।
নূর হোসেনের স্মৃতি ধরে রাখার উদ্যোগ নিচ্ছে পরিবার
সরেজমিন জানা গেছে, সম্প্রতি নূর হোসেনের নামে একটি স্মৃতি ফাউন্ডেশন গড়ে তোলার উদ্যোগ নেয় পরিবার। যদিও এখন পর্যন্ত কোনও সংগ্রহশালা করতে পারেননি তারা। প্রতি বছর ১০ নভেম্বর পরিবারের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিলাদ আর নূর হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সম্প্রতি জনকল্যাণে ‘নূর হোসেন স্মৃতি ফাউন্ডেশন’ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে।
মাজার রোডে নূর হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দেখা যায়, মেইন রোড ঘেঁষা নির্মাণাধীন এক বিল্ডিংয়ে তার ভাইয়েরা পরিবার নিয়ে বসবাস করছেন। একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে বহুতল ভবন তৈরির দায়িত্ব দিলে তারা কাজ সম্পূর্ণ না করে বিভিন্ন জনের থেকে ফ্ল্যাট বিক্রির টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। সে কারণে ভবনের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে।








