অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ চাননা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, পশ্চিমারা যা চায়, তা আমাদেরও মনের কথা। তবে আমরা চাইনা বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই তারা কথা বলার সুযোগ পাচ্ছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়াম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চুন্নু বলেন, বিদেশিদের হস্তক্ষেপ কাম্য হতে পারে না। পশ্চিমারা চান সুষ্ঠু ভোট, আমাদের জনগণও সুষ্ঠু ভোট চায়। জাতীয় পার্টিও তাই চায়।
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার গুঞ্জন প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, আসন বন্টন নিয়ে নয়, সমঝোতা হতে পারে, সুষ্ঠু পরিবেশের জন্য। সমঝোতা শব্দের ক্ষেত্র ব্যাপক। ভোটের পরিবেশ, নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, শফিকুল ইসলাম, জহিরুল আলম রুবেল প্রমুখ।








