,

ডিমের বাজারে ফের আগুন!

স্টাফ রির্পোটার- দেশে ২০ দিনের ব্যবধানে আবারও বেড়েছে ডিমের দাম। খামার পর্যায়ে প্রতি হালি ডিম ৪১.৫০ টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা টাকা দরে।

রবিবার  বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বিপিকেআরজেপি) এবং পোলট্রি প্রফেশনালস  বাংলাদেশ (পিপিবি)- নির্ধারিত মূল্যতালিকায় খামার পর্যায়ে লাল (বাদামি) ডিমের দাম নির্ধারণ করা হয়েছে ১০.৩৫ টাকা এবং সাদা ডিমের দাম ধরা হয়েছে ১০.১৫ টাকা

জানা যায়, গত মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ ডিমের হালি ৫৫-৬০ টাকায় বিক্রি হলে নড়েচড়ে বসে প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। এর পর থেকে বাজারগুলোতে নিয়মিত অভিযান চালানোর এক সপ্তাহের মধ্যেই ডিমের বাজার কমে ৩৫ টাকা হালিতে বিক্রি শুরু হয়৷

কিন্তু ২০ দিনের ব্যবধানে পুনরায় ডিমের দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে। গ্রাম এলাকার বাজারগুলোতে প্রতি হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা। দিনের পর দিন ওষুধ ও খাদ্যের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় এ দামে ডিম বিক্রি করেও লোকসান গুনতে হচ্ছে বলে জানান জেলার গাজীপুর, মানিকগঞ্জ ও আশেপাশের জেলা/উপজেলার অধিকাংশ  পোলট্রি খামারিরা।

প্রাণিসম্পদ অফিসের দেওয়া তথ্যমতে, ছোট-বড় মিলিয়ে ১,৬০,৫০৯টি খামার রয়েছে। এ খামারগুলো থেকে প্রতিদিন গড়ে ২.৩ কোটি ডিম উৎপাদিত হয়।

রবিবার সন্ধ্যায়  রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগেও যে ডিমের দাম ৩৫ টাকা হালি বিক্রি হতো তা এখন ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, পশু খাদ্যের দাম পর্যায়ক্রমে বাড়ানো  ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়া।

কালিয়াকৈরের পোলট্রি খামারি আমজাদ হোসেন বলেন, বেশি টাকায় খাবার, ওষুধ ও বিদ্যুৎ কিনতে হচ্ছে আমাদের। তার পরও এ দামে ডিম বিক্রি করেও আমরা লোকসানে আছি।

রাজধানীর বনলতা কাঁচাবাজারে ডিম কিনতে আসা আমানউল্লাহ বলেন, গত এক সপ্তাহ আগে ৪০ টাকা হালি ডিম কিনেছি। আজকে প্রতি হালি ৫৫ টাকা চাচ্ছে ওই দোকানি।

একই বাজারের  মুদি দোকানি আব্দুস ছবুর বলেন, আমরা প্রতি ডিমে ৫০ পয়সা লাভ করি। সেখানে দোকান খরচ বাদ দিলে ২৫ পয়সা টিকে। বেশি দামে কিনে তো আর কম দামে বিক্রি করব না।তিনি বলেন, আজকে পাইকারের কাছ থেকে ৪৮ টাকা হালি দরে তিনি ডিম কিনেছেন।

বাংলাদেশ পোলট্রি রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব খ ম মহসিন জানান, খাবারের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় ডিমের দাম আবারও বেড়েছে। তাই বাজারে পোলট্রি খাদ্যের দাম স্বাভাবিক থাকলে ডিম ও মুরগির মাংসের দামও স্বাভাবিক থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ